হবিগঞ্জ প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর হিসেবে ঐতিহাসিক গুরুত্ববাহী তেলিয়াপাড়া-এ “তেলিয়াপাড়া দিবস” উদযাপনকে সামনে রেখে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম ফয়সল।
শুক্রবার (৩ এপ্রিল) আয়োজিত এ পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে আগামী ৪ এপ্রিলের আয়োজন সুষ্ঠু, সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করা যায়।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং আয়োজক কমিটির সদস্যরা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উদযাপনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা আরও জোরদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।