চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. এম. ফয়সল।
এ সময় তিনি বলেন, কুলিয়াছড়া খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়ায় এলাকার কৃষিকাজ, পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখননের কাজ সম্পন্ন করা হবে। খালটি পুনঃখনন হলে স্থানীয় জনসাধারণের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।