চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) লস্করপুর ভ্যালির চা শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমার কাজ চলমান থাকবে। শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা ও মৌলিক সুবিধা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।”
তিনি বলেন, চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা ধরনের বঞ্চনা ও অবহেলার শিকার হয়ে আসছেন। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জীবনযাত্রার মান উন্নয়নে তিনি জাতীয় সংসদে সবসময় সোচ্চার থাকবেন বলে অঙ্গীকার করেন।
আলোচনা সভায় বক্তারা চা শ্রমিকদের ন্যায্য মজুরি, উন্নত বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, শ্রমিক নেতা খাইরুন আক্তার, লালন পাহানসহ আরও অনেকে।
বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।