হবিগঞ্জ প্রতিনিধি :সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক অভিযানে ২ জন আসামিসহ আনুমানিক ১ কোটি ৫০ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে চোরাচালানের উদ্দেশ্যে পাচারকৃত ভারতীয় জিরা, গরু, Red Bull এনার্জি ড্রিংকস এবং ২টি যানবাহন উদ্ধার করা হয়। অভিযানে চোরাচালান কার্যক্রমে জড়িত ২ জনকে আটক করা হয়েছে।
জব্দকৃত মালামাল ও যানবাহনের মোট বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৫০ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে স্থানীয়রা বিজিবির এই অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।