চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজী বাজার সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বদরগাজী এলাকার একটি অংশে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা যায়নি। তবে ঘটনাস্থলে পাওয়া অবৈধ বালু উত্তোলনের যন্ত্রপাতি ধ্বংস করা হয়।
প্রশাসনের কর্মকর্তারা জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে নদী, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙন ও অন্যান্য পরিবেশগত ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার বলেন, “প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা পরিবেশ রক্ষা ও নদী-খাল সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।