স্টাফ রিপোর্টার: সিলেটে হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক সমিতির মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সিলেট বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ জি. কে. গউছ এমপি। এছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম. নাসের রহমান এমপি, ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি, এমরান আহমেদ চৌধুরী এমপি এবং আব্দুল মালিক এমপি।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন-এর প্রশাসক কাইয়ূম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ এবং সংশ্লিষ্ট বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।
সভায় উভয় পক্ষের বক্তব্য, দাবি ও দীর্ঘদিনের জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক সহযোগিতা, সমঝোতা এবং সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন। সভায় বক্তারা বলেন, এই বিরোধের অবসান হলে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমবে এবং দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও স্বাভাবিক ও গতিশীল হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আজকের এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা দূর হবে এবং সিলেট অঞ্চলের পরিবহন খাতে স্থিতিশীলতা ফিরে আসবে।