নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব নিরোদ কুমার সিংহ-এর কর্মজীবনের শেষ কার্যদিবস উপলক্ষে এক আন্তরিক ও আবেগঘন বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা নিরোদ কুমার সিংহের দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। কর্মক্ষেত্রে তাঁর নিষ্ঠাবান মনোভাব, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং দায়িত্বশীল আচরণ সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অঙ্গন, বিশেষ করে সঙ্গীতচর্চায় তাঁর অসামান্য অবদান গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সদা হাস্যোজ্জ্বল মুখ, সরল-সাদাসিধে ব্যক্তিত্ব, অমায়িক ব্যবহার এবং বহুমাত্রিক প্রতিভা শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়ে চিরদিন স্থান করে নেবে।
বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীরা বলেন, কর্মজীবনের ইতি টানলেও নিরোদ কুমার সিংহের কর্মনিষ্ঠা, সততা ও সুন্দর স্মৃতিগুলো গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ পরিবারের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে জনাব নিরোদ কুমার সিংহের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও আনন্দময় অবসর জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।