‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার’।
নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
চুনারুঘাটে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ।
সোমবার (৬ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় চুনারুঘাট প্রেসক্লাব মিলনায়তনে তাঁর উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে মাদক পরিস্থিতি, করণীয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় যুবদলের দুই নেতা অ্যাডভোকেট মোজাম্মেল হক ও সাবেক কমিশনার জালাল আহমেদও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অ্যাডভোকেট মীর সিরাজ বলেন, "মাদকের বিরুদ্ধে এই অসম লড়াই কোনো ব্যক্তি একা চালিয়ে যেতে পারবেন না। স্পষ্টবাদী ও সচেতন মানুষদের সমন্বয়ে সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তুলতে হবে।"
তিনি বলেন, বর্তমানে চুনারুঘাটের সবচেয়ে বড় সামাজিক ব্যাধি হলো মাদক। এর ভয়াবহ প্রভাব নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাঁর মতে, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে মাদক নির্মূল সম্ভব নয়; বরং দীর্ঘমেয়াদি ও কৌশলগত সামাজিক আন্দোলনই হতে পারে কার্যকর সমাধান।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ বা গ্রেপ্তার করিয়ে দেওয়াই একমাত্র সমাধান নয়। এতে অনেক সময় সামাজিক বিদ্বেষ ও ব্যক্তিগত বিরোধ বাড়ে। কিছুদিন পর অনেকেই জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। তাই এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে মাদক ব্যবসায়ীরা নিজেরাই এ পথ থেকে সরে আসতে বাধ্য হয়।
আক্ষেপ প্রকাশ করে অ্যাডভোকেট মীর সিরাজ বলেন, কয়েক বছর আগে আহমদাবাদ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া তরুণ রাব্বী হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর পরিবার আদৌ ন্যায়বিচার পেয়েছে কি না—সাংবাদিকদের বিষয়টি অনুসন্ধান করার আহ্বান জানান তিনি।
সভার শেষ পর্যায়ে তিনি বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সচেতন নাগরিকদের নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন, "মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনই সবচেয়ে বড় হাতিয়ার।" পাশাপাশি তিনি উল্লেখ করেন, সংসদ সদস্য এস. এম. ফয়সল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছেন এবং এ বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের সুযোগ নেই।
মতবিনিময় সভায় বক্তব্য দেন চ্যানেল এস-এর প্রতিনিধি নোমান মিয়া। তিনি বলেন, চুনারুঘাটে মাদক কারবারিদের একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা মূলত রাতের আঁধারে মাদক ব্যবসা পরিচালনা করে। এদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গেলে অনেক সময় সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি-ধমকির মুখে পড়তে হয়।
তিনি আরও বলেন, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সাংবাদিক ও সচেতন জনগণ সম্মিলিতভাবে কাজ করলে মাদক কারবারিদের প্রতিহত করা সম্ভব এবং চুনারুঘাটকে মাদকমুক্ত করা যাবে।
মতবিনিময় সভায় চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।