চুনারুঘাট প্রতিনিধি।। চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) উপজেলার দারাগাঁও চা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য সেবনের অভিযোগে পুরন উড়িয়া (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দারাগাঁও চা বাগানের বাসিন্দা এবং তার পিতার নাম সুদাম উড়িয়া।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।