চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক কার্যক্রম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোঃ আফজল (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
অভিযানকালে মোঃ আফজল (২২), পিতা—মোঃ আবুল কালাম, সাং—বাগবাড়ী পূর্বপাড়া, ১নং ওয়ার্ড, চুনারুঘাট পৌরসভা-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান , মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক কার্যক্রম প্রতিরোধে চুনারুঘাট উপজেলায় নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা কামনা করেছে উপজেলা প্রশাসন।