নিজস্ব প্রতিবেদক:“তোমাদের অর্জন আমাদের গর্ব, তোমাদের সাফল্যই আমাদের অনুপ্রেরণা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ ও আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় সুন্দ্রাটিকি প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন হলরুমে সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ কেফায়েত উল্লার সভাপতিত্বে এবং সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ তারেক মিয়ার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য দেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান।
সভাপতির বক্তব্যে মোঃ কেফায়েত উল্লা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যই সমাজ ও সংগঠনের জন্য গর্বের বিষয়। যুব সমাজের কল্যাণ এবং শিক্ষার প্রসারে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাউসার মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মুহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওঃ জাকারিয়া আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দরবেশ, অর্থ সম্পাদক আব্দুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হক তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ। সংগঠনের সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক জাবেদ মিয়ার সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে এক রিম কাগজ ও এক ডজন কলম উপহার দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।