চুনারুঘাট প্রতিনিধি:শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদানের সক্ষমতা বাড়াতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ফাস্ট এইড প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে “স্বাস্থ্যসেবা প্রদানে শিক্ষা প্রতিষ্ঠানে ফাস্ট এইড সংক্রান্ত” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাঈদ ইমরান ও অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহা।
প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি ফাস্ট এইড কিটের সঠিক ব্যবহার, দুর্ঘটনায় রক্তপাত বন্ধের পদ্ধতি, ব্যান্ডেজ বাঁধা, আহত ব্যক্তিকে তাৎক্ষণিক সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ফাস্ট এইড বিষয়ে প্রশিক্ষণ থাকলে দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতার সময় দ্রুত ও সঠিকভাবে প্রাথমিক সহায়তা দেওয়া সম্ভব। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল মনোভাবও গড়ে উঠবে।
কর্মশালা শেষে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের জন্য একটি ফাস্ট এইড বক্স ও প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষায় এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।