চুনারুঘাট প্রতিনিধি:“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সারা দেশের মতো চুনারুঘাট উপজেলাতেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির মূল লক্ষ্য ছিল সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা, নিরক্ষরতা দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মাধ্যমে দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তোলা।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে শুধু অক্ষরজ্ঞান অর্জনই যথেষ্ট নয়; সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করাও জরুরি। প্রযুক্তি-সচেতন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তৈরির মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে নিরক্ষরমুক্ত ও প্রযুক্তি-সচেতন সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।