চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসন বিভিন্ন অংশীজনকে সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড: মীর সিরাজ আলী সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া আগামী তিন মাস প্রতি শনিবার সকলের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা পরিষদ মাঠের ড্রেন পরিষ্কার, আশপাশের আগাছা অপসারণ এবং জমে থাকা আবর্জনা পরিষ্কারে উপস্থিত কর্মকর্তা ও অংশীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়ি, আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।
তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিতভাবে নিজ নিজ বাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
‘সচেতন হই, পরিচ্ছন্ন থাকি—সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি’—এই প্রত্যয়ে কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।