বন কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর
মাধবপুর প্রতিনিধি ।।হবিগঞ্জের মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জের শাহপুর বন বিট এলাকায় অভিযান চালিয়ে সেগুন কাঠসহ একটি অটোরিকশা ভ্যান জব্দ করেছে বন বিভাগের একটি যৌথ দল। এ ঘটনায় সংশ্লিষ্ট বন কর্মকর্তার বিরুদ্ধে কাঠ পাচারে যোগসাজশের অভিযোগ উঠেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শালটিলা বন বিট ও জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি অটোরিকশা ভ্যান থেকে ৫ দশমিক ৩৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শালটিলা বন বিটের ফরেস্টার মোহাইমিনুল সানী ও জগদীশপুর বিট কাম চেক স্টেশনের ফরেস্টার জহিরুল ইসলাম।
স্থানীয় সূত্র ও বন বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শাহপুর বন বিট এলাকা থেকে অবৈধভাবে সেগুন কাঠ পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠসহ ভ্যানটি জব্দ করা হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, শাহপুর বন বিটের দায়িত্বপ্রাপ্ত ফরেস্টার রথীন্দ্র কিশোর রায়ের যোগসাজশে ওই এলাকায় দীর্ঘদিন ধরে বনজ সম্পদ পাচারের সুযোগ তৈরি হয়েছে। যদিও এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বন কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, শাহজীবাজার ও রতনপুর বাজারসংলগ্ন বনাঞ্চল থেকে রাতের আঁধারে নিয়মিতভাবে শত শত ড্রাম ট্রাকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পাহাড় ও উঁচু টিলা ধসে সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা উপড়ে পড়ছে। পরবর্তীতে এসব গাছ কেটে উপজেলার বিভিন্ন করাতকলে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
এলাকাবাসীর দাবি, বন কর্মকর্তা ও স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে অনিয়ম ও বনজ সম্পদ ধ্বংসের অভিযোগ নিয়ে এর আগেও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।
তাদের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন ও বন উজাড়ের কারণে একদিকে যেমন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সচেতন মহল বলছে, সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন ও বনজ সম্পদ পাচার বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তারা।