১-০ গোলে বাহুবল স্পোর্টস একাডেমিকে হারিয়ে শিরোপা জয়
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
“খেলাধুলা ঐক্যের বন্ধন, সুস্থ সমাজ গড়ার অঙ্গন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবলে সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবারের উদ্যোগে জমজমাট ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সুন্দ্রাটিকি ঐতিহাসিক ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মুখোমুখি হয় সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার ও বাহুবল স্পোর্টস একাডেমি। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে টানটান উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ১-০ গোলে বাহুবল স্পোর্টস একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার।
সুন্দ্রাটিকি ইয়াংস্টার ফুটবল ক্লাবের সাবেক ফুটবলার মো. আউলিয়া মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি মো. কেফায়াত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মো. কেফায়াত উল্লাহ বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করে।”
তিনি সুন্দর ও সুশৃঙ্খলভাবে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৭নং ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. জায়েদুর রহমান জাহিদ।
এ সময় আরও বক্তব্য দেন সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক মো. কাউসার মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দরবেশ, অর্থ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক ও ৭নং ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইমাম উদ্দিন, সাবেক ফুটবলার মহিউদ্দিন কাজল, শাহিন মিয়াসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজনটি সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান টিমের পরিচালক ও প্রবাসী জাবেদ মিয়া।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, এলাকার যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের আহ্বান জানান।