চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালি বের করা হয়। র্যালিটি নালমুখ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে শিক্ষা, ক্রীড়া ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজকরা বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনের পথে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আসুন, মাদককে না বলি—মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলি।