‘আমার কোনো লোভ-লালসা নেই, আছে আপনাদের প্রতি ভালোবাসা’
নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল বলেছেন, বিএনপি দীর্ঘ ত্যাগ-সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। জনগণ দলের ওপর যে আস্থা ও প্রত্যাশা নিয়ে দায়িত্ব দিয়েছে, তা পূরণে সরকার ও দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন।
তিনি বলেন, ‘আমার কোনো লোভ নেই, লালসা নেই; আছে শুধু আপনাদের প্রতি ভালোবাসা।’ এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
শনিবার বিকেলে চুনারুঘাট উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সতং বাজারে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য এস. এম. ফয়সল।
সংবর্ধনা উপলক্ষে ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সতং বাজারের সংবর্ধনা সভাস্থলে এসে শেষ হয়। বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সতং বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এস. এম. ফয়সল আরও বলেন, বিএনপি সরকার গঠনের মাত্র সাত মাস হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে। কেউ অনিয়ম, দুর্নীতি বা সন্ত্রাসে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হচ্ছে না। জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছে, সেই আস্থা ধরে রাখতে সরকার কাজ করছে।
স্থানীয় পর্যায়ে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় স্থানীয় নেতাকর্মীরা পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে তাঁর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল তালুকদার চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এপিপি অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মহালদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে এলাকার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য এস. এম. ফয়সলকে গণসংবর্ধনা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।