পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চুনারুঘাট পৌর যুবদলের সদস্য সচিব কামরুল হাসান মাসুমের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সারাদেশে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী। এ সময় চুনারুঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।