
চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (টিইও) নাজনীন সুলতানাকে আবারও বদলি করা হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত আদেশে গত ১ এপ্রিল তাকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বদলি করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মুজিব আলম স্বাক্ষরিত চিঠিতে আগামী ৭ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১১ নভেম্বর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তের ভিত্তিতে তাকে কুলাউড়ায় বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছিল। তবে তিনি সে সময় বদলির আদেশ কার্যকর না করে মেডিকেল ছুটিতে যান এবং পরবর্তীতে বদলির আদেশ স্থগিত করেন বলে জানা যায়।
সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে পুনরায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় আবারও তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ থাকলেও তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে বদলি ঠেকানোর চেষ্টা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক ও অভিভাবকের অভিযোগ, তার বিরুদ্ধে অনিয়ম নিয়ে কথা বললে তিনি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন এবং শাস্তিমূলক ব্যবস্থার ভয় দেখান। এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলেও তারা জানান।
অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, তিনি মাসে কয়েকদিন অফিসে অনুপস্থিত থাকেন। এ বিষয়ে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিস (ডিপিইও) থেকে তাকে শোকজ করে বিষয়টি অধিদপ্তরে পাঠানো হয়।
এ অবস্থায় চুনারুঘাট উপজেলার প্রাথমিক শিক্ষার মান ব্যাহত হচ্ছে বলে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।