
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গাদীশাল এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমি থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়ায় আব্দুল জাহির (পিতা: আব্দুল গফুর), সাং-গাদীশালকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ ছাড়া ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলন না করার বিষয়ে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার যেকোনো স্থানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।