
শ্রীমঙ্গল প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের প্রধান সড়ক হবিগঞ্জ রোডে তীব্র যানজট নিরসনে যৌথভাবে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন। বুধবার শহরের গুরুত্বপূর্ণ এ সড়কে অভিযান পরিচালনা করে যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল শহরের প্রধান সড়কগুলোতে যানজটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছিল। এ পরিস্থিতি নিরসনে প্রশাসনের উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করা হয়েছে।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন যানজট নিরসন এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, শহরের প্রধান সড়কে যানজট কমাতে সবার সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনসহ ট্রাফিক বিভাগের সদস্যরা।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে শহরের যানজট অনেকটাই কমে আসবে।