প্রধান অতিথি এমপি এস. এম. ফয়সল, উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭৪টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে সায়হাম গ্রুপ। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় চুনারুঘাট উপজেলা হলরুমে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ এস. এম. ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু প্রণয় পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সায়হাম গ্রুপের আর্থিক সহযোগিতা পূজা উদযাপনে সহায়ক ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
সায়হাম গ্রুপের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, ধর্মীয় উৎসব উদযাপনে এ ধরনের সহযোগিতা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।