
নোমান মিয়া, চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের জ্যেষ্ঠ পুত্র ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ বলেছেন, “আমার স্বপ্ন আপনাদের সন্তানরা যেন কখনোই গরিব না থাকে। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে চাকরি ও ব্যবসার মাধ্যমে পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ও তাঁর পরিবার সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে সায়হাম গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ বলেন, “এ বছর প্রতিটি ওয়ার্ডে ৮০টি করে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। আগামীতে ইনশাল্লাহ ১০০টি করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।” তিনি আরও বলেন, অনেকেই ভেবেছিলেন নির্বাচনের পর হয়তো ইফতার সামগ্রী বিতরণ বন্ধ হয়ে যাবে। কিন্তু মাননীয় সংসদ সদস্য ও তাঁর বাবা সৈয়দ এস এম ফয়সল জনগণের কথা ভেবে এ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
তিনি আরও উল্লেখ করেন, গত শীতে অনেক মানুষ কষ্ট পেয়েছেন। নির্বাচনী জটিলতার কারণে সে সময় পাশে দাঁড়াতে না পারায় তাদের পরিবারও কষ্ট পেয়েছে। তবে ভবিষ্যতে সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর দাদা মরহুম সৈয়দ সঈদউদ্দিনের সময় থেকেই তাদের পরিবার সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত।
রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধই এই মাসের মূল শিক্ষা। সমাজের সচ্ছল মানুষদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
তিনি আরও জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সায়হাম গ্রুপ নিয়মিত ইফতার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, মেধাবৃত্তি ও শিক্ষাবৃত্তি প্রদান এবং বিনামূল্যে চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছরের মতো এবারও মাধবপুর ও চুনারুঘাট উপজেলার প্রায় ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
রানীগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, চিনি, দুধ ও সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই উদ্যোগ তাদের পরিবারের জন্য স্বস্তি ও সহায়তা বয়ে এনেছে।