
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে হবিগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ.কে.এম. সালিমুল হক, আরআই পুলিশ লাইন্স, আরও-১সহ সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ।
সভায় পুলিশ সুপার তারেক মাহমুদ উপস্থিত সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং তাদের কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি হবিগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও সাহসিকতা, তৎপরতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় দাঙ্গা দমন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।