চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মীর সাহেব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম,চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান ও সদস্য সচিব মারুফ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলায় মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে। যেকোনো প্রয়োজনে সাধারণ মানুষ পুলিশের সহযোগিতা পাবেন। তিনি আরও বলেন, কোনো জুলুম-নির্যাতন চিরস্থায়ী নয়। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান তারই বাস্তব উদাহরণ।
সভাপতির বক্তব্যে ইউএনও গালিব চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। গণতন্ত্র, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনায় দেশ গঠনে তরুণদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা তাঁদের বক্তব্যে ৫ আগস্টের ঐতিহাসিক তাৎপর্য, গণঅভ্যুত্থানের পটভূমি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জনগণের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।