
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আদালতের আদেশ অনুযায়ী সরকারি রাস্তার প্রতিবন্ধকতা অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ নভেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আছানপুর মৌজায় এ অভিযান চালানো হয়।
বিজ্ঞ এডিএম কোর্টের ৬৮৭/২০২৫ (চুনাঃ) মামলার আদেশের পরিপ্রেক্ষিতে আছানপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত আরএস ২০০ দাগের ১৫ শতক জমিতে অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা ও রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এ সময় রাস্তার ওপর নির্মিত বাঁশের বেড়া, পাকা দেয়াল, টিনের ঘর, টিনের রান্নাঘর, অবৈধ খুঁটিসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে একই স্থানে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ উদ্যোগে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা প্রশাসনের সেই নির্দেশনা প্রতিপালন করেননি। ফলে আদালতের আদেশ বাস্তবায়নে পুনরায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়।
এ সময় খাস খতিয়ানভুক্ত সরকারি জমিতে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি রাস্তা কিংবা সরকারি জমি দখল করে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। সরকারি রাস্তা ও জমি দখলমুক্ত রাখতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।