
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উত্তর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় এক বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
২২ জুন ২০২৬, দুপুর ১২টা ৩০ মিনিটে পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্ত এমরান (৫৪), পিতা/ঠিকানা— মিরপুর, বাহুবল-কে নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।
জানা যায়, বাজার এলাকায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এর বিধি ১৬ লঙ্ঘনের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৫(১) অনুযায়ী তাকে দণ্ডিত করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার( ভূমি) মোঃ তৌফিক আনোয়ার জানিয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত মাছের চাষ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি ।