
শিক্ষার্থীদের নৈতিকতা ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের একডালা উচ্চ বিদ্যালয় এবং ১ নম্বর গাজীপুর ইউনিয়নের গাজীনগর উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে এসব অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
সভায় শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অভিভাবকদের উদ্দেশে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সন্তানদের শুধু পড়াশোনার বিষয়ে নয়, তাদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতিও নিয়মিত নজর রাখতে হবে। পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।
পরে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী ১০ নম্বর মিরাশী ইউনিয়নের একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সমাবেশ ও বিদ্যালয় পরিদর্শনকালে বক্তারা বলেন, একটি মাদকমুক্ত, সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবার থেকেই সন্তানদের সঠিক দিকনির্দেশনা ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।