
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজারবাজার দামোদরপুর এলাকায় বাংলা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় মাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে প্রীতম সরকার (৩২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজারবাজারের দামোদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত প্রীতম সরকার ওই এলাকার রুকমিনী সরকারের ছেলে।
জানা যায়, বাংলা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় প্রীতম সরকার তার মাকে লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। খবর পেয়ে চুনারুঘাট উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় নিজ পরিবার ও এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রীতম সরকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার বলেন, জনস্বার্থে এবং মাদক নিয়ন্ত্রণে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।