
ট্রাফিক আইন মেনে চলা ও স্থানীয় বিরোধ শান্তিপূর্ণভাবে নিরসনের আহ্বান
চুনারুঘাট প্রতিনিধি:সমাজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতকরণ এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী সমাবেশ, অভিভাবক সমাবেশ ও ট্রাফিক আইন বিষয়ে অবহিতকরণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে মাদকের ভয়াবহ কুফল, মাদকাসক্তির সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় ট্রাফিক আইন মেনে চলার সুফল ও আইন অমান্যের ক্ষতিকর দিক নিয়েও আলোচনা করা হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং পথচারী ও যানবাহন চালকদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া দাঙ্গা নিরসন ও স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা বিষয়েও পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় পর্যায়ে সৃষ্ট বিভিন্ন বিরোধ ও সামাজিক সমস্যা শান্তিপূর্ণভাবে, পারস্পরিক সমঝোতা এবং প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় মাদকমুক্ত সমাজ গঠন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্থানীয় বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।