চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন কার্যক্রম জোরদার ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
গত ১৪ অক্টোবর দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব চুনারুঘাটের কালেঙ্গা বন বিট এলাকায় পৌঁছে আনুষ্ঠানিকভাবে একটি অরতকি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
এ সময় কালেঙ্গা বন বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, এফজি নূর মোহাম্মদসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, “পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বনায়ন কার্যক্রম আরও জোরদার করা সময়ের দাবি। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
এদিকে, কালেঙ্গা বন বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন পরিবেশ সংরক্ষণে জেলা পরিষদ প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বনের জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বন বিভাগের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিরা পরিবেশ রক্ষা, বনভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রশাসনিক ও সামাজিক পর্যায়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।