
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম বড়াইল গ্রামের ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র জনাব নাজিম উদ্দিন শামসু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মীর সাহেব আলী, চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক ও এপিপি অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলাকে ঘিরে পশ্চিম বড়াইল গ্রামসহ আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাতের আলোকোজ্জ্বল পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল প্রাণবন্ত।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রথম পুরস্কার স্পন্সর করেন পশ্চিম বড়াইল গ্রামের কৃতী সন্তান ও যুবদল নেতা আক্তার সাজু। তাঁর এ সহযোগিতায় আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে তোলাই এ ধরনের ক্রীড়া আয়োজনের মূল উদ্দেশ্য।