
মীর দুলাল, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলা উপজেলার সাতকাপন ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে এক ইউপি সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযুক্ত ব্যক্তি হলেন ৩ নম্বর সাতকাপন ইউনিয়নের ইউপি সদস্য মো. শামীম আহমেদ (৫২)। তিনি কাছন মিয়ার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাতকাপন ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
শুক্রবার (১২ জুন) বিকেলে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত পরিচালনা করেন উজ্জ্বল রায়।
ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. শামীম আহমেদকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে বাহুবল মডেল থানা পুলিশ–এর একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এটি সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।