
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রাক্টরসহ মোঃ সুজন নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
বুধবার (২১ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলার মহিমাউড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি উমরাজের ছেলে মোঃ সুজন বলে জানা গেছে।
অভিযানকালে ট্রাক্টরে সিলিকা বালু বহনের সময় তাঁকে আটক করা হয়। এ সময় তিনি জানান, পানছড়ি এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন। কর্তৃপক্ষের অনুমতি ও ইজারা ছাড়া বালু উত্তোলনের অপরাধও তিনি স্বীকার করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না বলে অঙ্গীকার করেন।
পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁকে কঠোরভাবে সতর্ক করে অবমুক্ত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।