
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার বেশ কয়েকটি এলাকার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
উদ্ভূত বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে শনিবার (১১ জুলাই) চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গালিব চৌধুরী উপজেলার শানখলা ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ইউএনও গালিব চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টানা বর্ষণ ও উজানের ঢলে চুনারুঘাট উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।