
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ এবং একটি মিনি পিকআপ গাড়ি উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোর রাত আনুমানিক ৪টার দিকে জেলার বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকার মো. সাবু মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু এলাকার বাসিন্দা মো. কাউসার (২১)। তিনি আব্দুল নূরের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আটক ব্যক্তির হেফাজত থেকে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও এসআই মো. তারিকুল ইসলাম। অভিযানে আরও অংশ নেন এএসআই গোলাম সারোয়ার, এএসআই মো. নাঈম মিয়া, কনস্টেবল আরাফাত, রেজাউল, দেলোয়ার এবং ড্রাইভার কনস্টেবল নাজমুল হোসেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।