
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে বনভূমি দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন বনকর্মী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৭ জুলাই) সকালে পানেরছড়া রেঞ্জের আওতাধীন একটি এলাকায় অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদ অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে।
বন বিভাগের সূত্র জানায়, গত ২৫ জুলাই সমিতিপাড়া এলাকায় সৃজিত বনভূমি দখল করে নির্মিত একটি অবৈধ পানের বরজ উচ্ছেদ করা হয়। একই ধারাবাহিকতায় শিয়াপাড়া এলাকায় পাহাড় ধ্বংসে ব্যবহৃত একটি ডাম্পট্রাকও জব্দ করা হয়। এসব অভিযানে বনভূমি দখল ও পাহাড় কাটার সঙ্গে জড়িত চক্রের অবৈধ কর্মকাণ্ডে বড় ধরনের বাধা সৃষ্টি হয়।
এরই জেরে সোমবার সকালে আরেকটি অবৈধ পানের বরজ উচ্ছেদ অভিযানে গেলে বনকর্মীদের ওপর সংঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে বন বিভাগ।
হামলায় গুরুতর আহত হয়েছেন পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে বনভূমি দখলদার ও পাহাড়খেকো চক্রের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।
তবে এ ঘটনায় হামলাকারীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।