
নোমান মিয়া চুনারুঘাট প্রতিনিধি:চুনারুঘাট পৌরসভা এলাকায় সড়কের দু’পাশ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পৌর শহরের প্রধান প্রধান সড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহযোগিতা করেন চুনারুঘাট থানা-র অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
জানা যায়, শহরের বাল্লা রোড থেকে শুরু হওয়া এই অভিযান পৌর শহরের প্রধান সড়কগুলোর দু’পাশে বিস্তৃত করা হয়। এ সময় রাস্তা দখল করা অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয় ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, “রাস্তা দখল করে কোনো অবৈধ দোকান বসতে দেওয়া হবে না। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”
অপরদিকে, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, “পৌর শহরের অবৈধ রাস্তার জায়গা দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদে আমাদের অভিযান চলমান থাকবে।”
প্রশাসনের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায়। বেশ কয়েকজন পথচারী বলেন, এ ধরনের অভিযান আরও আগেই হওয়া প্রয়োজন ছিল। তারা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।