
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন চুনারুঘাট অংশে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন বাস কাউন্টার ও কাউন্টারবিহীন লোকাল বাসে যাত্রীদের সঙ্গে কথা বলে ভাড়া সংক্রান্ত অভিযোগ ও তথ্য সংগ্রহ করা হয়। এ সময় যাত্রীরা জানান, কাউন্টারভিত্তিক বাসগুলো সরকার নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া আদায় করছে।
তবে একটি কাউন্টারবিহীন লোকাল বাসে গণপরিবহনের ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট বাসকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
এছাড়া অভিযানের সময় অন্যান্য বাসচালক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও লাইনম্যানদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, যাত্রীসাধারণের স্বার্থ রক্ষা এবং সড়ক পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার।