
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর এলাকায় অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু পরিবহনের দায়ে এক ট্রাকচালককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুভর্তি ট্রাকটিও জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১২টা ৫ মিনিটের দিকে ঘনশ্যামপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৩ হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। পরবর্তীতে ভোর ৪টার দিকে জব্দকৃত বালু একটি ট্রাকে করে গোপনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে—এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানকালে বালুভর্তি ট্রাকসহ চালক মো. নূর রহমানকে আটক করা হয়। তিনি মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজোড়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১১ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার।
এ বিষয়ে তিনি বলেন, “উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে পরিবেশের ক্ষতি রোধের পাশাপাশি সরকারি সম্পদ রক্ষাও নিশ্চিত হবে।