
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বাগাডাইয়া গ্রাম থেকে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন তারেক ও আব্দুল্লাহ। তারা দুজনই চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের দক্ষিণ ছয়শ্রী বাগাডাইয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।