
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার প্রশাসক মোঃ গালিব চৌধুরী পৌরসভার বর্জ্য ও ড্রেন ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি ইকুইপমেন্ট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে হেলমেট, হ্যান্ড গ্লাভস, গামবুট, রেইনকোটসহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এ সময় প্রশাসক মোঃ গালিব চৌধুরী বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগরবাসীর সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতিদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের কর্মপরিবেশকে আরও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করতে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও তাদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। সুরক্ষা সামগ্রী পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং পৌর প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।