
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
চুনারুঘাট থানার প্রেস রিলিজ সূত্রে জানা যায়, থানার একটি অভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-৫০২/২১ (চুনারুঘাট) মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. সোহেল মিয়াকে গ্রেফতার করে। তিনি আমকান্দি গ্রামের আব্দুস শহীদের ছেলে। ওই মামলায় আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানে জিআর-৪৮৩/২১ মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. আনজব আলীকেও গ্রেফতার করা হয়। তিনি ইকরতলী বস্তির আহমদ আলীর ছেলে।
এছাড়া জিআর-২২/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি নাঈম মিয়া (৩২), পিতা—অনু মিয়া, সাং—হাপটার হাওর এবং ১৮৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারায় অভিযুক্ত ফারুক মিয়া (২৮), পিতা—মৃত রমজান আলী, মাতা—মিনারা খাতুন, সাং—দক্ষিণ হাতুন্ডা, চুনারুঘাট, হবিগঞ্জকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—পরমেশ্বর তাতী (৪০), পিতা—পবিত্র তাতী; অরুন তন্তবায় (৫০), পিতা—মৃত প্রাণবন্ধু এবং রাম তন্ত্রবায় (৪৫), পিতা—মৃত মাখন তন্তবায়। তাদের সবার বাড়ি চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাঁনপুর এলাকায়।
র্যাব জানায়, মাদক উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে এজাহার দায়ের করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশের অভিযানে গ্রেফতার চার আসামি এবং র্যাবের হাতে আটক তিনজনসহ সংশ্লিষ্ট সবাইকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।