
চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতীলীগের মিরাশী ইউনিয়ন শাখার সভাপতি ও মিরাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি অভিযানিক দল নালমুখ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার জামাল মিয়া মিরাশী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও প্যানেল চেয়ারম্যান। পাশাপাশি তিনি মিরাশী ইউনিয়ন তাঁতীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মো. জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় আরও একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জামাল মিয়ার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।