
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রাতের আঁধারে একটি সার্বজনীন শ্মশান ঘাটের ‘সেবক ঘর’ ভেঙে টিনসহ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা শামীম মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ (মামলা) দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের দামোদরপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহৃত সার্বজনীন শ্মশান ঘাটে একটি ‘সেবক ঘর’ ছিল। গত ১৬ নভেম্বর (সোমবার) রাতে বগাডুবি গ্রামের মৃত আঃ কাদিরে মিয়ার ছেলে শামীম মেম্বার আইন ও প্রশাসনের নাম ভাঙিয়ে এবং মিথ্যা প্রভাব খাটিয়ে অবৈধভাবে ঘরটি ভেঙে টিন খুলে নিয়ে যান।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত শামীম মিয়া প্রশাসনের ভয় দেখিয়ে তাদের নিবৃত্ত করেন। ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি এভাবে রাতের আঁধারে ভেঙে নিয়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে দামোদরপুর শ্মশান ঘাট কমিটির সভাপতি বিজয় চন্দ্র দেব জানান, “ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি উদ্ধার এবং আইন ও প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধভাবে ঘর নিয়ে যাওয়ার অপরাধে আমি চুনারুঘাট থানার ওসি মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। সরেজমিনে তদন্তপূর্বক অভিযুক্ত শামীম মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছি।”
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শামীম মেম্বার ঘর ভাঙার বিষয়টি স্বীকার করে বলেন, “এখানে রাতের আঁধারে মদ্যপান ও অসামাজিক কার্যকলাপ হতো। যে কারণে আমি আস্তানাটি ভেঙে দিয়েছি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।